৯ বছর পর আইপিএলের ফাইনালে বেঙ্গালুরু

Bengalurur
৩২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে দীর্ঘ ৯ বছর পর আইপিএলের ফাইনালে উঠল ভিরাট কোহলির দল।

বৃহস্পতিবার (২৯ মে) মুল্লানপুরে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়ে পাঞ্জাব কিংস। পাওয়ারপ্লেতেই ৪৮ রানে ৪ উইকেট হারানো দলটি ১৪.১ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়। সর্বোচ্চ ২৬ করেন মার্কাস স্টয়নিস। ম্যাচসেরা সুয়াশ শর্মা আর জশ হ্যাজলউড বেঙ্গালুরুর পক্ষে নেন তিন উইকেট।

সহজ রান তাড়ায় ফিল সল্টের ২৭ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে ৬০ বল বাকি রেখে ৮ উইকেটের জয় পায় বেঙ্গালুরু। কোহলি ১২ বলে ১২ রান করে জেমিসনের বলে সাজঘরে ফেরেন।

এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ সালে আইপিএলের ফাইনালে খেলেছে বেঙ্গালুরু। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি। এবার কি শিরোপা ছোঁয়ার সৌভাগ্য হবে কোহলির?

পাঞ্জাবের ফাইনালে ওঠার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। আজ শুক্রবার (৩০ মে) গুজরাট টাইটানস ও মুম্বাই ইন্ডিয়ানসের এলিমিনেটর ম্যাচে জয়ী দলের বিপক্ষে ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে প্রীতি জিনতার দল।