বিসিবির নতুন সভাপতি বুলবুল

7d58336a9c00ac90a7455b3f60d018cda5aac9c3f4eaf06f23cfd9788e03dfb4.0
২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ষোলোতম সভাপতি হিসেবে তিনি আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।

শুক্রবার (৩০ মে) বিকেলে পরিচালনা পর্ষদের সভায় বুলবুল সভাপতি নির্বাচিত হন। বিকেল সাড়ে ৪টায় এই সভা শুরু হওয়ার কথা থাকলেও পাঁচটার পরে শুরু হয়। সেখানে তিনি অন্যান্য পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। রাইজিংবিডিকে বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাকরি ছেড়ে বিসিবিতে এসেছেন বুলবুল।

জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি হিসেবে বুলবুল বিসিবিতে আসেন। প্রথমে কাউন্সিলর, পরে তাকে এনএসসি পরিচালক হিসেবে বিসিবিতে মনোনীত করা হয়।

এর আগে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসিবি সভাপতি পদের দায়িত্ব হারান। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদ বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের অনুচ্ছেদ: ১৩.২ (খ) (৪) মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ১৯/০৮/২০২৪ তারিখের ৩৪.০৩.০০০০.০০৪.০৩.০২৯-৩০৭৮ সংখ্যক স্মারক অনুযায়ী, পূর্বে মনোনীত পরিচালক জনাব ফারুক আহমেদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ৮ জন পরিচালক (বর্তমানে সংখ্যাগরিষ্ঠ) অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্ত গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করে জনাব ফারুক আহমেদের অনুকূলে পূর্বের মনোনয়ন বাতিল করা হলো।’’

রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির জন্য ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিমকে প্রথমে কাউন্সিলর ও পরে পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরবর্তীতে পরিচালকদের ভোটে ফারুক বিসিবির সভাপতি নির্বাচিত হন। ৯ মাস পর সেই মনোনয়ন বাতিল করে দেয় এনএসসি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত পরিচালকদের পাশাপাশি পরিচালনা পর্ষদে সরাসরি দুজন প্রতিনিধি স্থান পান এনএসসির মনোনয়নে। এনএসসি এই মনোনয়ন বাতিল করায় ফারুক আহমেদের আর বিসিবিতে থাকা হচ্ছে না।