মানচিত্র পরিবর্তন করতে চাইলে ব্যাখ্যা দিতে সরকারকে মির্জা আব্বাসের আহ্বান

1748432510 7a74dfa29b5534c268b52c8e6dd0615d
২৩

দেশের মানচিত্র পরিবর্তন করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের সমাবেশে’ তিনি এ আহ্বান জানান।

নির্বাচন অবশ্যই দরকার— এ কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেছেন, নির্বাচিত সরকার থাকলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তো না।

মির্জা আব্বাসের দাবি, দেশের মানুষকে অবজ্ঞা করেছে অন্তর্বর্তী সরকার। সরকারে যারা আছে, তাদের নব্বইভাগ এই দেশের নাগরিক নয়।

ড. মুহাম্মদ ইউনূসের সরকারের সময় শেষ বলে মন্তব্য করেন তিনি। বলেছেন, ৯ মাসে নির্বাচন দিতে পারেনি, পারবেও না। সময় শেষ, আপনারা আপনাদের ব্যাবস্থা নিন। একটি অংশ আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না।

নয় মাসে কোনও সংস্কার করতে না পারায় জনগণের কাছে সরকারকে ক্ষমা চাওয়ার পরামর্শও দেন এ বিএনপি নেতা।

বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংককে ব্যবসার অনুমতি দেয়ায় সমালোচনাও করেন মির্জা আব্বাস। এ নিয়ে তার বক্তব্য, দেশের মানুষ বোকা নয়।