ভূগর্ভস্থ পানি ব্যবহারে মূল্য পরিশোধে বাধ্য হবে শিল্পকারখানা : উপদেষ্টা রিজওয়ানা

1748104274 f31206301e7e36ef4f533a24d5fcda29

শিল্পকারখানায় ভূগর্ভস্থ পানি ব্যবহারে নির্ধারিত মূল্য পরিশোধ বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ভূগর্ভস্থ পানির অপরিকল্পিত ব্যবহার রোধ, জলাধার ও নদী দূষণ নিয়ন্ত্রণ এবং শিল্পকারখানায় ব্যবহৃত পানি পুনর্ব্যবহার নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় গাজীপুর শহরের পিটিআই অডিটোরিয়ামে ‘নদী ও জলাভূমি সিম্পোজিয়াম ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “আমরা ঢাকার চারটি নদী দখল ও দূষণমুক্ত করার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করছি। এর বাস্তবায়ন শুরু হবে তুরাগ নদী পুনরুদ্ধারের মাধ্যমে। এছাড়া গাছা খাল, লবণদহ, পুকুর ও ৮ আগস্টের পর দখল হওয়া বনভূমি উদ্ধার করা হবে। আগে যেগুলো কম ঝামেলাপূর্ণ, সেগুলো থেকে শুরু করা হবে।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর যেসব বনভূমি দখল হয়েছে, সেগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে যদি সেখানে কোনো আইনি জটিলতা না থাকে। যেসব জায়গায় স্থিতাবস্থা বা স্থগিতাদেশ নেই, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ করা হবে।” তবে এই কাজ সহজ নয়, কারণ এখানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালীদের স্বার্থ জড়িত বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।

সিম্পোজিয়াম থেকে নদী ও জলাভূমি সংরক্ষণে ১৬ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয় এবং তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।