চানখাঁরপুলে ৬ জনকে হত্যা : ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু

1748153052 096c2b06d1f935f96cbe199cc28cfe0b

জুলাই আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজন পুলিশের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

আজ রবিবার বেলা ১১টার দিকে প্রসিকিউশন দল ট্রাইব্যুনালে জুলাই আগস্টে হত্যার ঘটনায় এই প্রথম কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করলো। এর মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো বলে জানান প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম।

চানখাঁরপুলে দশম শ্রেণির ছাত্র শহীদ শাহরিয়ার খান আনাসসহ জুলাই গণঅভ্যুত্থানে ছয়জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করে গত ২১ এপ্রিল পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।

গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চানখাঁরপুল এলাকায় আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়াকে হত্যা করে পুলিশ। এই ছয়জনকে হত্যার ঘটনায় আটজনের মধ্যে গ্রেফতার আছেন ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। তাদের আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।