আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: ইসি মাছউদ

1747643897 c9f01fcfeee933f9625cab7691f47117
১৩২

নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

সোমবার সকাল ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না। তাদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই’

এসময় “আওয়ামী লীগ ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে কি না?” এমন প্রশ্নের উত্তরেরে ইসি মাছউদ বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে।’

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান থাকায় সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে। এ অবস্থায় আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটি কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।