“সবাই খুনি”—সীমা পাহওয়ার বলিউড ত্যাগের নেপথ্য ক্ষোভ

1745970377 acbb3dc214216bed1a3df32cf1d49fd7
৪৫

বহু বছরের অভিনয় ক্যারিয়ারেও নায়িকা হিসেবে কাজের সুযোগ পাননি বলিউড অভিনেত্রী সীমা পাহওয়া। পার্শ্বচরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হলেও, কখনও প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে। এবার সেই আক্ষেপ ও ক্ষোভের কথাই প্রকাশ্যে আনলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা পাহওয়া জানিয়েছেন, তিনি শিগগিরই চলচ্চিত্রজগৎ থেকে বিদায় নিতে পারেন। বলিউডের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সৃজনশীল মানুষদের হত্যা করা হয়েছে, ব্যবসায়ীরা এখন শিল্পকে নিয়ন্ত্রণ করছে। ইন্ডাস্ট্রিতে সবাই খুনি।”

সীমা বলেন, “সবাই বলে আমি ভালো অভিনেত্রী। কিন্তু কেউ আমাকে নিয়ে প্রধান চরিত্রে ছবি বানাননি। হয়তো আমার সীমাবদ্ধতা আছে, তাই আমি সেই সুযোগ পাইনি।”

তিনি আরও যোগ করেন, “আমি এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে মনে হচ্ছে, শিগগিরই বলিউডকে বিদায় জানাতে হবে। ভালো কাজকে এখন ‘পুরনো চিন্তাধারা’ বলে অবহেলা করা হচ্ছে। প্রযোজকরা মনে করেন, কেবল বাণিজ্যিক উপাদানই ছবিকে সফল করতে পারে—অভিনেতা বা গল্প নয়। এই প্রবণতা সৃজনশীলতার ক্ষতি করছে এবং শিল্পকে ব্যবসার পণ্যে পরিণত করছে।”

তবে বিদায়ের আগে শেষবারের মতো তাকে দেখা যাবে রাজকুমার রাও অভিনীত ‘ভুল চুক মাফ’ ছবিতে। সেখানে তিনি নায়কের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি আগামী ৯ মে মুক্তি পেতে যাচ্ছে।

সীমা স্পষ্ট করে বলেছেন, “যদি ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি পরিবর্তন না হয়, তাহলে আমি চলচ্চিত্রজগৎ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।”