অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

1746008004 5d17a4f0914be2af5873d5a39481b883
২৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত এ আদেশ দিয়েছে।

এদিন সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে মারধর করে রমনা থানায় সোপর্দ করেন একদল যুবক। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুরের আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিক। তবে তিনি মনোনয়ন পাননি।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।