বিচারপতি খায়রুল হকের গ্রেপ্তার চায় জাতীয়তাবাদী আইনজীবীরা

895496526 20250429 190542663
২৪

অবিলম্বে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে সারাদেশে একযোগে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা। এসময় খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিতের দাবি জানান বিক্ষোভ কারীরা। তা না করা হলে আরও কঠোর কর্মসূচিতে যাবে বলে ঘোষণা করান তারা।

তারই অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বিক্ষোভ সমাবেশে বক্তারা দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের মূল কারিগর হিসেবে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে তুলে ধরে বলেন, অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।

আন্দোলনরত আইনজীবীরা বলেন, খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে। যেন ভবিষ্যতে তার মতো কোনো বিচারপতি তৈরি না হয়। তার বিচারের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে দেশের উচ্চ ও অধস্তন আদালতে যেসব দলবাজ ও ফ্যাসিবাদের দোসর বিচারকরা বহাল আছে তাদের অবিলম্বে অপসারণ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে অংশ নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলামসহ অনেকে।

এর আগে গত ২৭ এপ্রিল এ বি এম খায়রুল হককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সুপ্রিম কোর্টসহ সারা দেশের আদালতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।