অন্যায় আবদার না করার অনুরোধ আইজিপির

Rtv 20250428 162932647
৩২

অন্যায় আবদার না করতে দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান।

আইজিপি বলেন, একটা অনুরোধ, আমি দেশবাসীকে বলতে চাই, আমি অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হই- এই অমুককে বদলি করে দেন, অমুককে ছেড়ে দেন, অমুককে পদক দেন- এসব আবদারও আসে।

তিনি বলেন, বিধিবিধান মেনে পুলিশ পরিচালনা করার জন্য আমি বিনীত প্রার্থনা জানাই দেশবাসীর কাছে। আমি যেন বিধিবিধান মেনে চলতে পারি। আমার প্রতি অন্যায় আবদার যতটুকু পারেন যেন কম হয়, এটাই প্রার্থনা।

আইজিপি আরও বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে।

এদিকে আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তিনদিনব্যাপী পুলিশ সপ্তাহ -২০২৫ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্বোধন করবেন।

আইজিপি বাহারুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এ বছর আমরা কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চাই।