স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন

1744031984 8c7ce8c7ba96114f78b605dc8beda8ea
৮৭

গাজায় গণহত্যার প্রতিবাদে স্বাধীনতা কনসার্ট ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল হবে বলে জানিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ উপলক্ষে ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে প্রতিনিধি দল মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানানো হয়।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ‘আপনারা জানেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল গণহত্যা ও বর্বরোচিত হামলা করেছে। এ মুহূর্তে আমরা সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন প্রথম এই ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আজ সম্পূর্ণভাবে সংহতি প্রকাশ করছি। ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ বিশ্বব্যাপী এই প্রোগ্রাম হচ্ছে।’

তিনি আরও বলেন বলেন, ‘১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায়ও ছিল। যেহেতু সেদিন শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান ও আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মিছিলে অংশ নেব, সে জন্য ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শনিবার সারা দেশের চারটি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করেছি। ১২ এপ্রিল একযোগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।’

এ্যানি বলেন, ‘বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশের শিল্পীরাই এই কনসার্টে অংশ নেবেন। স্থানীয়ভাবে আঞ্চলিক গানও থাকবে। আমরা বাংলাদেশের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছি, সে জন্য সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের এই আয়োজন।’

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন— ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী ও জাহিদুল ইসলাম রনি প্রমুখ।