গাজা গণহত্যায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা 

Image 291713 1726629177 20250406 205709760
১৭

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

রোববার (৬ এপ্রিল) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যেই হাজার হাজার নিরপরাধ মানুষ শাহাদাত বরণ করেছেন। শিশু, নারী ও বৃদ্ধদেরকেও নির্মমভাবে হত্যা করছে অবৈধ দখলদার ইসরায়েলের সেনারা। গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকা। দখলদার ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। পরিতাপের বিষয় আন্তর্জাতিক বিশ্ব এখনও নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে।

এ অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে শহীদ এবং যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আগামী ৭ এপ্রিল বিশ্বব্যাপী ‘The World Stops for Gaza’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। এই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামী ৮ এপ্রিল সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছে।

কর্মসূচির মধ্যে ৮ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান। দুপুর ১২টায় প্রতিটি শহরের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল সহকারে উপস্থিত হয়ে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দেশের আপামর ছাত্র-জনতাকে অনুরোধ জানানো হয়েছে।