জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা শ্লোগান, আটক ৩

500 321 inqilab white 20250326141116
১৯

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে দেয় উপস্থিত জনতা।

বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা ১১টার মুক্তিযোদ্ধা সংসদের পতাকা নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে ফেরার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান তুলেন। এসময় উপস্থিত বেশ কিছু জনতা তাদের ধাওয়া করেন। অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করেন স্থানীয়রা।

আটককৃতরা হলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (৫০) এবং ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীরচট শেরআলী মার্কেট এলাকার মো. সোহেল পারভেজ (৪১)। সোহেল পারভেজ সাভারের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামের ঘনিষ্ঠজন বলে জানা গেছে।

তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।