বিত‌র্কিত ভূ‌মিকা : বাধ্যতামূলক অবস‌রে দুই স‌চিব

Risingbd1 2502201353
২১

আওয়ামী লীগ আম‌লে বিতর্কিত নির্বাচ‌ন ও জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার করা‌ণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে কামরুল হাসান আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মৌলভীবাজারের ডিসি ছিলেন।

আওয়ামী লীগের আমলে তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বাধ্যতামূলক অবসর এবং ওএসডি করছে সরকার। যাদের চাকরির বয়স ২৫ বছরের কম তাদের ওএসডি করা হচ্ছে। যাদের ২৫ বছরের বেশি তাদের দেওয়া হচ্ছে বাধ্যতামূলক অবসর।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জুলাই-আগস্ট বিল্পবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। অন্যদিকে, ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সচিব) আবু হেনা মোরশেদ জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যারা জেলা প্রশাসক হিসেবে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন এমন ২১ জন কর্মকর্তাকে বৃহস্পতিবার জনস্বার্থে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে। এর আগে ৪৩ জনকে ওএসডি করা হয়েছে।