প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা

Img 20250212 235421

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেনও রওনা হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান।

এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট শেষ করে আগামী ১৪ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে যাবেন। ওমানে তিনি ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশগ্রহণ করবেন। কনফারেন্স শেষে ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।

জানা গেছে, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্করের যোগ দিচ্ছেন। সে সময় সাইড লাইনে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বৈঠক হতে পারে।

আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।