চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ না করার আহ্বান পুলিশ সদর দপ্তরের

1738325945 6000237f23f885f3bc757e699565829f
৫৪

বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তর বলছে, প্রত্যেকের আবেদনের ভিত্তিতে তাদের বিষয়গুলো যাচাই-বাছাই করছেন ডিআইজি’র নেতৃত্বাধীন কমিটি।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) ইনামুল হক সাগরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হযেছে।

বিবৃতি উল্লেখ করা হয়েছে, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান সেজন্য পুলিশ হেডকোয়ার্টার্স আন্তরিকভাবে কাজ করছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন। তাদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার লক্ষ্যে ডিআইজি’র নেতৃত্বে গঠিত কমিটি কাজ করছে। আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ফৌজদারি, আর্থিক, নৈতিক স্খলন, আচরণগত, বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ জনিত অপরাধে চাকরিচ্যুত হয়েছিলেন কি না তাও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে কমিটি।

সদর দপ্তর বলছে, অনেকের আবেদন প্রশাসনিক ট্রাইব্যুনাল কিংবা প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইব্যুনালের অধীনেও বিচারাধীন রয়েছে। ইতোমধ্যে গত ২৯ জানুয়ারি পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা মানববন্ধন করার সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল তাদের কাছে গিয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন। বিস্তারিতভাবে বলার পরও চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি করেছেন।

তাই চাকরিচ্যুত পুলিশ সদস্যদেরকে রাস্তা অবরোধ করে নগরবাসীর বিড়ম্বনা সৃষ্টি না করার জন্য আহ্বান জানানো হচ্ছে।