জীবনের ভিত্তি তৈরির মূল ধাপ প্রাথমিক বিদ্যালয় : গণশিক্ষা উপদেষ্টা

1738240659 4702000e908c8155f604e81743d41573
২৫

শিক্ষার্থীর জীবনের ভিত্তি তৈরির মূল ধাপ প্রাথমিক বিদ্যালয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের সম্মেলন কক্ষে একটি চুক্তিপত্র সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও গুণগত পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। একজন শিক্ষার্থীর জীবনের ভিত্তি তৈরির মূল ধাপ প্রাথমিক বিদ্যালয়। এ জন্য শিশুদের শিক্ষার ভিত তৈরিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদফতরের সবার নিরলস কাজ করে যেতে হবে।’

এদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের ‘কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ অ্যাপ্লিকেশন সফটওয়্যারের সেবাসমূহ সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী গেটওয়ে’র মাধ্যমে আদায়ের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম এবং সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এ বিষয়ে ডা. বিধান রঞ্জন বলেন,‘কল্যাণ ট্রাস্ট ম্যানেজমেন্ট ও সোনালী ব্যাংক পিএলসির আজকের চুক্তি সইয়ের মাধ্যমে আমরা একটি আইটি বেজড সিস্টেমে প্রবেশ করলাম। এর মধ্যদিয়ে কল্যাণ ট্রাস্টের শিক্ষকদের তহবিলের স্বচ্ছতা নিশ্চিত হবে এবং শিক্ষকদের বার্ষিক তহবিল প্রদান সহজ হবে।’