পুতুলের সূচনা ফাউন্ডেশনে অভিযানে দুদক

1738150613 Edd5218253331089f909ee2343bffce8
৩২

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন দুদকের সহকারী পরিচালক মো. নওশাদ।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

বুধবার দুদকের এই কর্মকর্তা জানান, দুদক এনফোর্সমেন্টের একটি দল রাজধানীর ধানমণ্ডি-২৭-এ অবস্থিত সূচনা ফাউন্ডেশনে অভিযান পরিচালনা করছে।

জানা যায়, স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়ুবিক প্রতিবন্ধিতা, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন। প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এর আগে, গত ২৫ নভেম্বর সূচনা ফাউন্ডেশনে ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়।