নির্বিচারে গুলি করে হত্যা : কনস্টেবল সুজন ট্রাইব্যুনালে

0b8d339e63516c2320544e079d1e06651596387596f665d8ed372470c34ef338.0
৮৪

৫ আগস্টে রাজধানীর চানখারপুলে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে গত ১ জানুয়ারি পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিডিউটর বিএম সুলতান মাহমুদ। অন্যদিকে সুজন হোসেনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

সেদিন প্রসিডিউটর বিএম সুলতান মাহমুদ বলেন, শাহবাগ থানার মামলায় গ্রেফতার হওয়া আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনানি শেষে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে।

একই সঙ্গে ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আগামী ২৩ জানুয়ারি ওই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বেলা ১১টায় চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করতে দেখা গেছে, যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।