৫ আগস্ট পরবর্তী মামলাগুলো যথাযথ তদন্ত করতে হবে: আইজিপি 

Img 20241123 214152
৩২

পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (২৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় মাঠপর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।

আইজিপি বলেন, নিরীহ মানুষ যেন হয়রানি শিকার না হয়। নিরীহ কারও নামে মামলা হলেও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে পুলিশের জনসংযোগ বাড়াতে হবে। পুলিশকে জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা বা অভিযোগ শুনতে হবে। সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বাহারুল আলম বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের প্রত্যাশা অনেক। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে ধৈর্যের সঙ্গে ভূমিকা পালন করতে হবে।

সভায় পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অতিরিক্ত আইজি মো. গোলাম কিবরিয়া, অতিরিক্ত আইজি মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি আবু নাসের মোহাম্মদ খালেদ, ডিআইজি মো. কামরুল আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।