টেকনাফে দুই রোহিঙ্গাসহ ৯ কৃষককে অপহরণ

Teknaf 1024x576
৭২

কক্সবাজারের টেকনাফে ৯ জন কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। অপহরণের পর তাদের পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজন স্থানীয় বাসিন্দা এবং দুইজন রোহিঙ্গা।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন, নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার নাম ঠিকানা পাওয়া যায়নি।

এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী জানান, স্থানীয় ৭ জন কৃষক অপহরণ হয়েছে বলে শুনেছেন তিনি। পাহাড়ের পাদদেশে কাজ করার সময় তাদেরকে অপহরণকারীরা ধরে নিয়ে যায়। বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি।

টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, বিষয়টি নিয়ে তিনি অবগত আছেন। পুলিশ উদ্ধার অভিযানে কাজ করছে। তবে এখন পর্যন্ত পরিবারের কেউ অভিযোগ নিয়ে আসেনি বলেও জানান তিনি।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, এ নিয়ে গত একবছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩৬ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৮১ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।