ঢাবির শহীদুল্লাহ হল এলাকায় সংঘর্ষ

011 2407151412
২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হল এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা হলের বাইরের সড়কে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়ছেন। অন্যদিকে হলের ভেতর অবস্থান করে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়ছেন। এ সময় ওই এলাকায় অন্তত দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।

এ ছাড়াও, ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায়ও সংঘর্ষ চলছে। এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার হয়ে আন্দোলনকারীরা ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিতে যান। এ সময় তাদের জরুরি বিভাগ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা— এমন অভিযোগ পাওয়া গেছে।

এরপর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদুল্লাহ হলের পাশ থেকে আন্দোলনকারীদেরও ধাওয়া করেন। এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করেন।

সরেজমিন দেখা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্য অংশে এখন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেছেন। তবে, শহীদুল্লাহ হল এলাকায় সংঘর্ষ চলছে। হলের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেখানে পুলিশ সদস্যরা আসেন।

এদিকে, হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ গণমাধ্যমকে জানান, সংঘর্ষে প্রায় দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ছাড়া অনেকেই বিভিন্ন হলে আটকে আছেন।