ঘুমন্ত দম্পতির আঙ্গুল ও কান কেটে নিল দুর্বত্তরা

5775b54e 8e17 44e5 8c5f 498f1a9bf501
১২৮

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে ঘরে ঢুকে ঘুমন্ত দম্পতির ওপর হামলা করেছে দুর্বত্তরা। এসময় স্বামীর হাতের আঙ্গুল ও স্ত্রীর কান কেটে নিয়েছে তারা। গুরুতর আহত এই দম্পতির চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

সোমবার ভোরে পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে ইদ্রিস আলী ও তার স্ত্রী চাঁদনীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় ইয়াছিন, আল আমিন, সোলেমান, মোহাম্মদ আলি ও মান্নানসহ তাদের সহযোগীরা। তারা সবাই স্থানীয় যুবলীগ নেতা জুয়েল রানার কর্মী-সমর্থক। তার মদদেই মাঝেমধ্যে তারা এলাকায় বিশৃঙ্খলা করে প্রভাব বিস্তারের চেষ্টা করে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, মান্নান আমার পরিচিত। কিন্তু কেউ অপকর্ম করলে সেটার দায় তো আর আমার নয়। আমার জানামতে আমি কখনো কোনা অপরাধীকে প্রশ্রয় দেইনি। তবে মান্নানকে মামলার বাদি মুচলেকা দিয়ে আদালত থেকে মুক্ত করেছেন উল্লেখ করে জুয়েল রানা প্রশ্ন করেন, মান্নান অপরাধী হলে বাদি তাকে ছাড়িয়ে নিলো কেন?

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অঙকুজ বলেন, এ ঘটনায় চারজন গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আদালত বা থানা থেকে মুচলেকা দিয়ে কেউ কাউকে ছাড়িয়ে নিয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই।