সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ইইউ‘র রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Eu 2404081538
৮৭

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

সোমবার (৮ এপ্রিল) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান চার্লস হোয়াইটলি।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের অসহায় মানুষদের উন্নয়নে সমাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গৃহীত ও পরিচালিত উদ্যোগগুলোর প্রশংসা করে এ খাতে ইউরোপীয় ইউনিয়নের কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, আমরা নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ সব বিষয়ে সফল। আমাদের দেশে জঙ্গিবাদ নেই বা আমরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতাও করি না। আমরা এখন সাহায্য চাই না, ব্যবসা করতে চাই।

তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ২০২৬ সালের মধ্যে লিড মন্ত্রণালয় হবে। সে লক্ষ্যে জনবল কাঠামোসহ অন্যান্য বিষয়ে আরও দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ চলছে।

এ সময় রাষ্ট্রদূত ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি সিস্টেম চালুর বিষয়ে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী অধিক সংখক লোককে সামাজিক নিরাপত্তা কাভারেজের আওতায় আনার চেষ্টা করছি।

দেশের সামাজিক নিরাপত্তা খাতে চলমান অগ্রগতি অব্যাহত রাখতে এ খাত সংশ্লিষ্টদের দক্ষতা, সক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রত্যাশা করেন সমাজকল্যাণমন্ত্রী। এ সময় সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ উপস্থিত ছিলেন।