জাহাজসহ নাবিকদের মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

Image 347040
৩৫

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর নাবিকদের দ্রুত সময়ের মধ্যে মুক্ত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পিঅ্যান্ডআই ক্লাবের মাধ্যমে জাহাজটিকে এবং নাবিকদের সুষ্ঠুভাবে মুক্ত করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। তবে আমরা কোন প্রক্রিয়ায় এগোচ্ছি সেটি বলতে চাই না। কারণ এটি জনসমক্ষে প্রকাশ করার বিষয় নয়। আমাদের প্রচেষ্টা হচ্ছে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে নাবিক এবং জাহাজ দুটোকেই মুক্ত করা।’

তিনি বলেন, ‘একই কোম্পানির আরেকটি জাহাজ কয়েক বছর আগে ২০১০ সালে হাইজ্যাক হয়েছিল। সেটিকে মুক্ত করতে ১০০ দিন সময় লেগেছিল। আমাদের প্রচেষ্টার কোনো কমতি নেই। আমরা নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি অতীতের মতো এবারও সম্পূর্ণ সুষ্ঠুভাবে জাহাজ ও নাবিকদের উদ্ধার করতে সক্ষম হব।’

মিয়ানমারে বিশৃঙ্খলার কারণে আবারো ১৪৯ জন বিজিপি সৈন্য বাংলাদেশে প্রবেশ করেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিপূর্বেও মিয়ানমারের এ ধরনের কিছু নাগরিক এদেশে এসেছিল, মিয়ানমারের সাথে আলাপ-আলোচনা করে তাদেরকে যেভাবে ফেরত পাঠিয়েছি এবারও তাদেরকে একই প্রক্রিয়ায় ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছি।’

রাঙ্গুনিয়া পৌরসভার অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে প্রয়াত আওয়ামী লীগ নেতা ওয়াকিল আহমদ তালুকদার, সিরাজুল ইসলাম চৌধুরী, কাজী জসিম ও নুরুল করিম বেবি চৌধুরীর স্মরণ সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।