মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

Shoot
২৩

কক্সবাজারের মহেশখালীতে প্যারাবনের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে মো. সাইফুল (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম জানা যায়নি। ওই ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পশ্চিমপাড়ায় সংঘর্ষটি হয়। মারা যাওয়া সাইফুল ইসলাম মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সির ডেইল গ্রামের মৃত গোলাম কুদ্দুসের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও শাহ আলম নামের দুই ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। এতে দুই পক্ষের ১০ জনেরও বেশি আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আহতদের স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ওই ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে। এছাড়া জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।