মিউনিখে শেখ হাসিনা-জেলেনস্কি বৈঠক

Pm Zelensky

মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় সকালে (১৭ ফেব্রুয়ারি) কনফারেন্স ভেন্যু হোটেল বেইরিশার অফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। খবর বাসস’র।

বৈঠকে উভয় নেতা দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানা গেছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

একই স্থানে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী এর আগে সকালে সম্মেলনস্থলে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এর আগে প্রধানমন্ত্রী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বৈঠক করেন কাতার ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গেও।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছেছেন। আগামী ১৮ ফেব্রুয়ারি রাতে প্রধানমন্ত্রীর মিউনিখ ত্যাগ এবং ১৯ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।