আপনাদের তওবা করে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত : ফখরুল-খসরুকে নানক

205220nanok
৩৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি অটুট-ঐক্যবদ্ধ ছিল বলেই মির্জা ফখরুল, আমীর খসরু সাহেব আপনারা জনগণকে সম্পৃক্ত করে কোনো আন্দোলন করতে পারেন নাই।’

‘এই ব্যর্থতার কারণে আপনাদের তওবা করে রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। আর এদেশে যদি রাজনীতি করতে হয় তাহলে এই খুন, ট্রেনে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা, এসব খুনের দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।’

আজ শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে ড. এম ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ‘রাজনৈতিক ভুলধারায় চলার কারণে নিশ্চিত একটি গহ্বরে নিমজ্জিত হতে হয়, এ সত্যকে তারা স্বীকার করবে কি না আমার জানা নাই। তবে আমি এটুকু বলতে পারি, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা এভাবে অরাজনৈতিক হত্যাকাণ্ড, নির্যাতন-নিপীড়ন, সন্ত্রাস চালিয়ে রাজনৈতিক যাত্রা করেছিলেন মাঝপথেই তাদের রাজনীতির রাজনৈতিকভাবে অপমৃত্যু ঘটেছে।’