লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৯

Image 261705 1707964598bdjournal
২৬

লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় চার শিশুসহ নিহত হয়েছেন ৯ জন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলি এক সেনা নিহতের জেরে এমন হামলা চালানো হয়েছে বলে দাবি তেলআবিবের। এর আগে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি এক সেনাসদস্য নিহত হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলায় চার শিশুসহ নয় জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে ওই অঞ্চলের এক হাসপাতালের পরিচালক এবং লেবাননের তিনটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।

এর আগে স্থানীয় সময় বুধবার আল-সাওয়ানা গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলায় একজন নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন বলে দুটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। আর শহরের হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি এবং অন্য তিনটি নিরাপত্তা সূত্রের মতে, নাবাতিহের একটি ভবনে হামলায় আরও দুই শিশু, তিনজন নারী ও একজন পুরুষ নিহত হন।

এদিকে, তেলআবিব জানিয়েছে, হিজবুল্লাহর রকেট হামলার প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে। লেবাননের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্রগোষ্ঠীর ওই হামলায় এক ইসরায়েলি নারী সেনা নিহত হন। বুধবার সকালে লেবানন থেকে রকেট হামলায় আহত অন্য আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে গাজায় আগ্রাসী হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। চার মাস ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২৮ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন আরও প্রায় ৬৭ হাজার ফিলিস্তিনি।