‘প্রধানমন্ত্রী দেশকে মর্যাদার আসনে নিয়েছেন বলেই সব দেশ কাজের আগ্রহ দেখাচ্ছে’

Hasan Mahmud 2402040821
১৩১

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশের উন্নয়ন-অগ্রগতি বিশ্বকে চমকে দিয়েছে এবং বঙ্গবন্ধুকন্যা দেশকে মর্যাদার আসনে আসীন করেছেন বলেই বিশ্বের সকল দেশ বাংলদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান ইনস্টিটিউট অব কালচার মিলনায়তনে স্থানীয় সময় শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি বেলজিয়াম এবং বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ব্রাসেলসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ ও সাবেক রাষ্ট্রদূত ইসমত জাহান সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন। বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন অনুষ্ঠানটি পরিচালনা করেন। ফ্রান্স আওয়ামী লীগের প্রেসিডেন্ট আব্দুল কাসেম, ড. ফারুক মির্জা, মোতাহার চৌধুরী, মনির হোসেন পলিন সভায় বক্তব্য রাখেন।

হাছান মাহমুদ বলেন, উন্নয়নের সকল সূচকে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়েছে এবং বিএনপি-জামাতের ‘পলিটিক্স অব ডিনায়াল’ এবং ‘পলিটিক্স অব কনফ্রন্টেশন’ অর্থাৎ সবকিছুতে না বলার অপসংস্কৃতি ও সাংঘর্ষিক রাজনীতি যদি না থাকতো, তাদের জ্বালাও-পোড়াও যদি না থাকতো, দেশ আরও বহুদূর এগিয়ে যেত।

এ সময় রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়ন-অগ্রগতিতে বড় ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদেরকে সবসময় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে দেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেন ড. হাছান মাহমুদ। ফোরামে বক্তৃতার পাশাপাশি তিনি ইউরোপীয় ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট, কমিশনার ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস, কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং দশটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন।