কথার বোমা মেরে সরকার উৎখাত করা যাবে না: কাদের

Oka 15 1024x538
২৭

বিএনপিসহ সরকারবিরোধীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, মনে হয় সরকার যেন কচু পাতার ওপর শিশির বিন্দু! আওয়ামী লীগ সরকার সেই সরকার না। এই সরকারের শেকড় অনেক গভীরে। শক্তি জনগণ। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না।

সোমবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সবকিছু হারিয়ে এখন শোকের সাগরে নিমজ্জিত। আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও আসেনি। এখন তাদের সামনে আর কিছু নেই। তারা যদি ইতিবাচক রাজনীতি করতো, তাহলে এমন পতনের খাদে পড়তো না। কালো পতাকার সাথে এখন কালো ব্যাজ ধারণ করলে ষোলকলা পূর্ণ হবে।

বিএনপিসহ সরকারবিরোধীরা দেশে-বিদেশে গুজব ছড়াচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা এখন বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তাদের অগ্নিসন্ত্রাসের সাথে এখন যোগ হয়েছে গুজবসন্ত্রাস

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে দলীয় প্রতীক দেয়া হবে কি না, তা নিয়ে সন্ধ্যায় দলের জরুরি সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। কয়েকদিন আগে ওবায়দুল কাদের জানিয়েছিলেন, উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত নৌকা প্রতীক দেয়ার পক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন শেখ হাসিনা। দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন।

এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দল বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।