বাদীর মামলা প্রত্যাহারের আবেদনে জামিন পেলেন ইভ্যালির রাসেল

Ekushey Sangbad 20240117080301
২২

চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেলের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) তিনি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অন্যদিকে মামলার বাদী জামিনের বিরোধিতা না করে আপসের শর্তে মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত রাসেলের জামিন মঞ্জুর করেন।

একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে হাজির হননি।

বাদীপক্ষের আইনজীবী সাদিকুর রহমান তমাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ জানুয়ারি একই আদালত রাসেল-শামীমা দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে এ মামলায় তাদেরকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। ওইদিন আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদী তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও ইভ্যালি কর্তৃপক্ষ তাতে ব্যর্থ হয়।

এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করা হয় তানভীরকে। কিন্তু চেকটি নগদায়নের জন্য গেলে ব্যাংকে তা ডিজঅনার হয়। এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এরপরও কোন পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে তানভীর মামলা করেন।