তদন্ত ছাড়া দুর্ঘটনার কারণ বলা যাবে না: নৌপ্রতিমন্ত্রী

2401170419 600x337
৩১

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তদন্ত প্রতিবেদন ছাড়া মানিকগঞ্জের পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে ফেরি দুর্ঘটনার কারণ বলা যাবে না।

বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের একথা বলেন নৌপ্রতিমন্ত্রী।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমাকে বলা হয়েছে, ওখানে ফেরি নোঙর করা ছিল, বাল্কহেড ধাক্কা দিয়েছে। আমি এই মুহূর্তে বলতে পারব না আসলে কোনটা সত্য। তদন্ত প্রতিবেদন ছাড়া বলা যাবে না কোনটা সত্য। এখানে অন্য কোনো দুর্বলতা বা অন্য কোনো ঘটনা আছে কি না, এর মধ্যে বলতে পারি না। তবে প্রাথমিকভাবে বলা হয়েছে, বাল্কহেডের ধাক্কায় ঘটনাটি ঘটেছে। ওটা নোঙর করা ছিল ঘাটের খুব কাছাকাছি।

এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ‘রজনীগন্ধা’ ডুবে যাওয়ার ঘটনায় পাঁচ সদসেদ্যর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীরে ভেড়ার সময় রজনীগন্ধা নামের ফেরি ডুবি গেছে। এদিন সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।