সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা

Super Cup
১৯

স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। কাতালান ক্লাবটির হয়ে গোল করেন রবার্ট লেভানডোভস্কি ও লামিন ইয়ামাল।

আগামী রবিবার ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।

এদিন, রিয়াদের কিং সাউদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল কাতালান জায়ান্টদের। অষ্টম মিনিটে ফেররান তোরেসের শট লক্ষ্যভ্রষ্ট হয়। মিনিট পাঁচেকের মাথায় রবার্ট লেভানডোভস্কির নেয়া শটও ফিরিয়ে দেন গোলরক্ষক। ২৮তম মিনিটে সহজ সুযোগ মিস করেন সার্জিও রবের্তো। ম্যাচের ৩৯তম মিনিটে গোলের প্রথম সুযোগ তৈরি করে ওসাসুনা। কিন্তু আন্তে বুদিমিরের শট প্রতিহত করেন বার্সা গোলরক্ষক।

বিরতির পর গুনদোয়ানের থ্রু বল ধরে দারুণ ফিনিশিংয়ে ডেডলক ভাঙেন লেভানডোভস্কি। ৬৮তম ও ৭৮তম মিনিটে গোলের আরও দু’টি সুযোগ নষ্ট হয় বার্সেলোনার। তবে যোগ করা সময়ে বদলি ফরোয়ার্ড ইয়ামালের গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।