রাষ্ট্রপতির সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

812f66afeaed8e810652ef938ef5753d 659e48526f94c
৩৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতির সঙ্গে এটি প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাত।

এর আগে আজ সকালে এমপি হিসেবে শপথ নেন শেখ হাসিনাসহ দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। নওগাঁ-২ আসনের প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। দ্বাদশ জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে। ২৯৯ আসনের মধ্যে ২৯৮ আসনের বেসরকারি ফলাফলে নৌকায় ২২৩ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি ৬২ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। যাদের প্রায় সবাই আওয়ামী লীগ নেতা।

এদিকে গত দুই মেয়াদে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল থাকা জাতীয় পার্টি ১১ আসনে জয় পেয়েছে।

এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও বিএনপির জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে ইসি।