ভোট শেষ, চলছে গণনা

Image 338773
৪০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুরু হয়েছে গণনার কাজ। রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম জানান, বিকাল ৩টা পর্যন্ত নির্বাচনে ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব জানান, ভোটকেন্দ্রে বেশি পরিমানে জাল ভোট ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত সাতটি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। বেলা ১২টার পরে কক্সবাজারে ও নরসিংদীতে দুইটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়। ভোট কেন্দ্রে জাল ভোট ও জাল ভোটে সহায়তা করার অভিযোগে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিংসহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া মিডিয়ার তথ্য অনুযায়ী ৩০ থেকে ৩৫টি জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এছাড়া শনিবার বগুড়ায় একজন ও আজকে জামালপুরে একজন সহকারী প্রিজাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ সময় কমিশনের পক্ষ থেকে মৃতদের বিষয়ে শোক প্রকাশ করেন ইসি সচিব।

এদিকে একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোট স্থগিত করা হয়েছে।