বেনাপোল এক্সপ্রেসে অগ্নিসংযোগ ক্ষমার অযোগ্য অপরাধ: পররাষ্ট্রমন্ত্রী

৩৬

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাকে ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, এই ঘটনার জঘন্য অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ত্রুটি রাখা হবে না। দেশের আইন অনুযায়ী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আক্রমণ, গণতন্ত্রের প্রতি অবমাননা এবং নাগরিক অধিকারের গুরুতর লঙ্ঘন। জনসাধারণের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে এই নির্মম প্রচেষ্টা আমরা আগেও প্রত্যক্ষ করেছি। এটি আমাদের সমগ্র সমাজের বিবেককে এবং প্রকৃতপক্ষে সমগ্র বিশ্বকেও হতবাক করেছে।

ড. মোমেন বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের ঠিক এক দিন আগে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উৎসব এবং নিরাপত্তাকে বাধা দেওয়ার লক্ষ্যেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়।