ভোটে কোনো গন্ডগোল-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী

Pm 001
১৯

৭ জানুয়ারির নির্বাচন দেশের জন্য একান্ত জরুরি। কারণ এই দেশ নিয়ে অনেকে অনেক খেলা খেলতে চায়। তা খেলতে দেয়া হবে না। একথা বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, ভোটে কোনো গন্ডগোল-সংঘাত চাই না। কোনো দুর্ঘটনা চাই না। সবাইকে সহনশীলতা বজায় রাখতে হবে।

বুধবার (৩ জানুয়ারি) টাঙ্গাইল, গাইবান্ধা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রামের সন্দ্বীপের সাথে নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা।

তিনি বলেন, কেউ কাউকে বাধা দেবেন না। ভোট অবাধ-সুষ্ঠু হবে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। সাত তারিখে জনতার জয় হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি’র সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল। ভোট চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। তাদের দুঃশাসনে জরুরি অবস্থা জারি হয়েছিল বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগের কারণেই দেশে ধারাবাহিকভাবে উন্নয়ন সম্ভব হয়েছে। সবার জন্য অন্ন-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন হয়েছে, বৃদ্ধি করা হয়েছে কর্মসংস্থান। বাংলাদেশকে আধুনিক প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ করার ব্যবস্থাও আওয়ামী লীগ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।