ভোটের দিন ইন্টারনেট-মোবাইল নেটওয়ার্ক পুরোদমে সচল থাকবে : ইসি সচিব

Election Commision 2 20240101130005
৩৪

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারা দেশের মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পুরোদমে সচল থাকবে। আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবার সাথেই কথা হয়েছে। সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।

সোমবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমেও নির্বাচনের দিন যাবতীয় তথ্য উপাত্ত পাওয়া যাবে। অ্যাপটি এরইমধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে উপলব্ধ করা হয়েছে।

এছাড়াও ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব আবদুল বাতেন, এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির।