ঢাকার অর্ধেক কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

Sangbad Bangla 1704095693
৩৯

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, ডিএমপিতে ২১৪৬টি কেন্দ্রের মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ। এর মধ্যে কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৪৭৮টি।

সোমবার (১ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যন্ড কলেজে বই উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করতে পুলিশ কাজ করে যাচ্ছে। ঢাকা শহরে ২১৪৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে অর্ধেক ঝুঁকিপূর্ণ ও অতি গুরুত্বপূর্ণ। কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৪৭৮টি।

তিনি বলেন, কিছু কিছু গোষ্ঠী নির্বাচন প্রতিহত করতে অপতৎপরতা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচন ঘিরে সব ধরনের কার্যক্রম চলছে। প্রচারণার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া হচ্ছে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কেন্দ্র করে এখন কোনো জঙ্গি তৎপরতা নেই, তবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

এর আগে ইংরেজি নতুন বছরের শুরুতে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার।