বিএনপির কোমর ভেঙে গেছে, আর দাঁড়াতে পারবে না: ওবায়দুল কাদের

Kader 2312310712
১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোমর ভেঙে গেছে, হাঁটু ভেঙে গেছে। তারা আর দাঁড়াতে পারবে না।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন বন্ধ করতে চায়। লাশ ফেলার রাজনীতি করতে চায়। তারা ৭৫-এ ক্যু করেছে। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে। ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে গ্রেনেড হামলা করেছে।

রবিবার (৩১ ডিসেম্বর) নিজ নির্বাচনি এলাকা নোয়াখালী-৫ এর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে এক পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিদেশি শক্তি আমাদের পরামর্শ দিলে গ্রহণ করব। কিন্তু নির্বাচনের ক্ষতি হয় এমন শক্তিকে উস্কানি দিলে এটা মেনে নেব না। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যা করছে, আজ বাংলাদেশে বিএনপি তাই করছে। বাংলাদেশের নির্বাচন ঠেকানোর শক্তি কারো নেই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো এক প্রার্থী বা নামি এক নেতাকে তারেক লন্ডন থেকে মারার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা এটা প্রতিরোধ করবেন। বাংলাদেশের মানুষ ৭১ সালে ভয় পায়নি। এবারও যত বাধা আসুক, ভয় পাবে না।