অস্ট্রেলিয়ায় ঝড়ের আঘাতে ৮ জনের মৃত্যু

Untitled 1 20231227095645
২০

বড়দিনের ছুটিতে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যে প্রবল ঝড়ে অন্তত আট জন নিহত হয়েছে। ঝড়ের আঘাতে গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে এবং কয়েক হাজার পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

ভিক্টোরিয়া এবং কুইন্সল্যান্ড রাজ্যের পুলিশ এবং উদ্ধারকারী পরিষেবাগুলো আট জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

২৫ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর দেশের পূর্ব উপকূলে প্রচণ্ড বজ্রঝড় আঘাত হানে।

এদিকে কুইন্সল্যান্ডের দক্ষিণে ঝড়ের সময় সাগরে নৌকা ডুবে এগারো জন নিখোঁজ হন। পুলিশ বুধবার জানান, এই ঘটনায় তিনজন ডুবে যায় এবং বাকি আটজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটারিনা ক্যারোল বলেন, আবহাওয়ার কারণে গত ২৪ ঘণ্টা ছিল খুবই খারাপ সময়। আবহাওয়া ব্যুরো সতর্ক করেছে যে, কুইন্সল্যান্ডের উপকূলীয় অঞ্চলে এখনও ঝড় বিপজ্জনক অবস্থায় আছে এবং এই পরিস্থিতি জীবনের জন্য হুমকিস্বরূপ। সেখানে বন্যা, শিলাবৃষ্টি এবং তীব্র বাতাসের আশঙ্কা রয়েছে।

কুইন্সল্যান্ডের বিদ্যুৎ কোম্পানি এনারজেক্স জানিয়েছে, ঝড়ের কারণে এক হাজারের বেশি বিদ্যুৎ লাইন ভেঙে গেছে এবং প্রায় ৮৬ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।