‘আমি ভারতের প্রার্থী’ বলা আব্দুল মান্নানকে শোকজ

B09944158cd7938c7eb4689e173809f6 658aac097b501
২৯

‘আমি ভারতের প্রার্থী’ বলা মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানকে শোকজ করেছে জেলা নির্বাচন অনুসন্ধান কমিটি।

মেহেরপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামীম হাসানের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (২৫ ডিসেম্বর) তাকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।

শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি (আব্দুল মান্নান) মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর উপজেলা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার লিখিত অভিযোগে বলা হয়েছে, আপনি মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলক কুমার দাসকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর দুপুর ১২টার সময় আপনাকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয় উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

এর আগে, গত ১৭ ডিসেম্বর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলক কুমার দাসের সঙ্গে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানের মোবাইলে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। অডিওতে আব্দুল মান্নানকে বলতে শোনা যায় ‘মনে রাখতে হবে আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী।’