মির্জা ফখরুলকে জামিন দেননি হাইকোর্ট

Image 250860 170192536
২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দেননি হাইকোর্ট। সেই সাথে নিম্ন আদালতে কেনো জামিন দেয়া হয়নি জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। ৭ দিনের মধ্যে রুলের জবাব দিতে হবে বিবাদীদের।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রধান বিচারপতির বাসায় হামলা মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি এ নির্দেশ দেন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

মির্জা ফখরুলের জামিন আবেদনটি শুনানির জন্য গত সোমবারের কার্যতালিকায় ছিল। পরে বিষয়টি উপস্থাপন করে শুনানির জন্য আর্জি জানালে আজকের দিন ধার্য করেন হাইকোর্ট।

এর আগে, গত ২২ নভেম্বর এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতা-কর্মীকে আসামি করা হয়।

২৮ অক্টোবর রাতে গ্রেফতারের পর ডিবি অফিস থেকে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে রাষ্ট্রপক্ষ।