নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিটের শুনানি পিছিয়েছে

৪০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিটের পরবর্তী শুনানির জন্য সোমবার (৪ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট। এদিন দুপুর ২টায় এ রিটের ওপর ফের শুনানি হবে।

রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ প্রথম দিনের শুনানি শেষে এ দিন ধার্য করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আদালত রিটকারী আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দকে কিছু প্রশ্ন করেন। আইনজীবী যথাযথ উত্তর দিতে না পারায় আদালত তাকে পরবর্তী শুনানি দিন আরও প্রস্তুতি নিয়ে আসতে বলেন।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে ২৯ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ। রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, মন্ত্রীপরিষদ সচিব, আইন সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।