বঙ্গবন্ধু টানেলে প্রাইভেটকারে বাসের ধাক্কা, আহত ৪

0a0c0561f2574732f1c7840814d37f34d0d42ff62b5ce9ef
২২

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলে বাসের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে মুচড়ে চার জন আহত হয়েছেন।

শুক্রবার (২ নভেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানেলের পতেঙ্গা হয়ে আনোয়ারা যাওয়ার পথে একটি বাস সামনে থাকা প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে টানেলের দেয়ালের পাশে গিয়ে পড়ে। এ সময় প্রাইভেটকারের চার যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর ক্রেন দিয়ে বাস এবং প্রাইভেট কার সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। এই দুর্ঘটনার আগে সন্ধ্যার পর যানজট ও দুর্ঘটনা এড়াতে টানেলের ভেতরে নৌ বাহিনীর টহল জোরদার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার পর থেকে ভেতরে চাপ বাড়ায় অনেক গুলো গাড়ি আটকে যায়। তীব্র যানজটের সৃষ্টি হয় টানেলের ভেতরে। মানুষ গরমের কারণে গাড়ির বাইরে বের হয়। ভেতরে নামা ও ছবি তোলা নিষিদ্ধ হওয়া স্বত্বেও এই সুযোগে ছবি তুলেছেন দর্শনার্থীরা।

যানজট শুধু ভেতরে নয়। পতেঙ্গা ও আনোয়ার দুই প্রান্তেও দীর্ঘ কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়। এসময় বাইরে দীর্ঘ যানজটে আটকে ভোগান্তিতে পড়তে হয় দর্শনার্থীদের। তবে কয়েক ঘণ্টা পর যানজট স্বাভাবিক হয়ে যায়। এদিকে পরে নৌ বাহিনীর সদস্যরা গিয়ে যানজট স্বাভাবিক করার চেষ্টা করে।