ইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগসহ ১৩টি দল

Image 329682
৩০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগসহ গণফ্রন্ট, তৃণমূল বিএনপিসহ ১৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই সংলাপে অংশ নেন। তবে ২২টি দলের অংশ নেয়ার কথা থাকলেও বাকি ৯টি দল আসেনি।

এদের মধ্যে এলডিপি, বিজেপি ও কল্যাণ পার্টি এই সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে। এছাড়া সিদ্ধান্ত জানায়নি আরও ৩টি রাজনৈতিক দল।

এদিকে আজ বিকাল সাড়ে তিনটায় বিএনপিসহ আরও ২২টি দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপের কথা রয়েছে।

বিএনপির তালাবদ্ধ কার্যালয়ে রেখে আসা হয়েছিল ইসির চিঠি। যদিও বিএনপির পক্ষ এই সংলাপে অংশ নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শনিবার ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগসহ ২২টি দলকে সকালে এবং বিএনপিসহ ২২টি দলকে বিকেলে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত নভেম্বরের প্রথমার্ধে যেকোনো সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। এর আগে আরেকবার সংলাপের উদ্যোগ নিল নির্বাচন কমিশন।