‘বিএনপি জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়’

Image 246079 1698828134
২২

বিএনপি জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১ নভেম্বর) পোরশায় নিতপুর ডাকবাংলো প্রাঙ্গণে নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, তারা নির্বাচন করতে চায় না। জ্বালাও-পোড়াও করে দেশকে অস্থিতিশীল করতে চায়। আন্দোলনের নামে তারা পুলিশ হত্যা করেছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, গরিব মানুষের আশ্রয়স্থল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তার বিকল্প নেই। বঙ্গবন্ধুকন্যার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপকারভোগীদের প্রতি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার আহ্বান রইল।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর অনেক বাড়িয়েছে। এ কর্মসূচি দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখছে।

তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ছাড়াও বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা, বিধবা, দরিদ্র মায়ের মাতৃত্বকালীন ভাতা, শহীদ পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সম্মানী ভাতা, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা রয়েছে। এ ছাড়াও কৃষি প্রণোদনা পাচ্ছে কৃষক। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা চলে যাচ্ছে অভিভাবকদের মোবাইলে।

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, শেখ হাসিনার সরকার গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ বাড়ি দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে এটি বিরল। সরকার সাধারণ খেটে খাওয়া মানুষ, হোটেলের কর্মচারী, ড্রাইভারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে করোনাকালে সহায়তা দিয়েছে, কেউ বাদ যায়নি।

নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন মোল্লা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।