তফসিল ঘোষণার আগে একনেকে ৩৭ প্রকল্প অনুমোদন

Image 245961 1698745754
৪৫

জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে ৩৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সভায় মোট ৪৬টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বাকি প্রকল্পগুলো পরবর্তী একনেক সভায় উত্থাপনের জন্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫২ হাজার ৬৬৩ কোটি টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ২১ হাজার ৫৯৭ কোটি ৯৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ সহায়তা থেকে ২৯ হাজার ৫৬৮ কোটি টাকা টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদউল্লাহ মিয়ান, কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) একেএম ফজলুল হক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, এসব প্রকল্প নির্বাচনের কারণে নয়। প্রকল্পগুলো বিচার-বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। দুই বছর আগের তুলনায় এখন বিদেশ ভ্রমণ নেই বললেই চলে। অনেক সময় বিদেশ ভ্রমণের প্রয়োজন আছে। কিন্তু সেটি একান্ত প্রয়োজন না হলে বিদেশ সফর যাওয়া হচ্ছে না।