২৮ অক্টোবরের ঘটনায় সাত দেশের উদ্বেগ

Clash
৩৯

যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশন ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানানো হয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে সোমবার (৩০ অক্টোবর) এ বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন এ যৌথ বিবৃতিতে সাক্ষর করেছে।

বিবৃতিতে বলা হয়, ২৮ অক্টোবর ঢাকায় রাজনৈতিক সমাবেশে যে সহিংসতা হয়েছে, তাতে বিবৃতি প্রদানকারী দেশগুলোর সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সহিসংতার পথ ত্যাগ করে সংযম প্রদর্শন এবং অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে আমরা আহ্বান জানাই।

এর আগে, গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে এখন পর্যন্ত একজন পুলিশ সদস্য এবং বিএনপি-যুবদলের দু’জন নিহত হয়েছেন।